ইউরোপে গ্যাসের দাম বেড়েছে ৫০ শতাংশ

ইউরোপে গ্যাসের দাম বেড়েছে ৫০ শতাংশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতিতে বিশ্বের অন্যতম শীর্ষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘কাতার এনার্জি’ তাদের উৎপাদন স্থগিত করেছে। সংস্থাটির এমন সিদ্ধান্তের পর পরই ইউরোপীয় বাজারে গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে। যদিও দিনের শুরুতে এই বৃদ্ধির হার ছিল ২৫ শতাংশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, বিশ্বের মোট এলএনজি রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণকারী এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি তাদের রাস লাফান এবং মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, দুটি ইরানি ড্রোন ওই স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। চার বছর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বিশ্ব জ্বালানি প্রবাহে যে পরিবর্তন এসেছিল, তারপর থেকে গ্যাস বাজারে এটিই সবচেয়ে বড় ধাক্কা। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা সংঘাতের কারণে বাজার আগে থেকেই অস্থির ছিল, যা উৎপাদন স্থগিতের পর আরও তীব্র আকার ধারণ করেছে।

আল জাজিরার বরাতে জানা গেছে, গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত ডাচ টিটিএফ ফ্রন্ট-মান্থ চুক্তিতে গ্যাসের দাম মেগাওয়াট-ঘণ্টা প্রতি ১৪.৫৬ ইউরো বেড়ে ৪৬.৫২ ইউরোতে পৌঁছেছে। অন্যদিকে, ব্রিটিশ এপ্রিল চুক্তিতে প্রতি থার্ম গ্যাসের দাম ৪০.৮৩ পেন্স বেড়ে ১১৯.৪০ পেন্স হয়েছে। এশীয় এলএনজি বেঞ্চমার্কগুলোতেও বড় ধরনের লাফ দেখা গেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জি জাপান-কোরিয়া-মার্কার অনুযায়ী, দাম প্রায় ৩৯ শতাংশ বেড়ে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে ১৫.০৬৮ ডলারে দাঁড়িয়েছে।

আইএনজি-র ওয়ারেন প্যাটারসন সতর্ক করে বলেছেন, যদি কাতারি এলএনজি সরবরাহের এই বিঘ্ন অব্যাহত থাকে, তবে দাম মেগাওয়াট-ঘণ্টা প্রতি ৮০ থেকে ১০০ ইউরো পর্যন্ত উঠতে পারে। উড ম্যাকেঞ্জির ভাইস প্রেসিডেন্ট ম্যাসিমো ডি ওডোয়ার্দো উল্লেখ করেছেন, এলএনজি সরবরাহ কমে গেলে অবশিষ্ট কার্গো পাওয়ার জন্য এশিয়া এবং ইউরোপের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হতে পারে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন